শিল্পী বিপ্লব বিপ্রদাসের জন্ম আর বেড়ে ওঠা খুলনায়। তাঁর চিত্রকর্মের তৃতীয় একক প্রদর্শনীতে উঠে এল খুলনা অঞ্চলেরই প্রকৃতি-পরিবেশ আর নিজের স্মৃতি। তবে বাস্তবানুগ প্রতিচ্ছবি নয়, খুলনার প্রাণপ্রকৃতিকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন বিমূর্ত কায়দায়। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুক্রবার থেকে চলছে ‘আর্থ অ্যান্ড মেমোরি’ শিরোনামের এই প্রদর্শনী।
শিল্পী বিপ্লব বিপ্রদাস জানান, তাঁর এই প্রদর্শনী ভূমি, স্মৃতি এবং সর্বোপরি মানব অস্তিত্বকে কেন্দ্র করে এক শিল্প অনুসন্ধান। খুলনা অঞ্চলের অনন্য প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য থেকে অনুপ্রাণিত এই প্রদর্শনী।
বিমূর্ততার মধ্য দিয়ে শিল্পী নদী, বন, পরিবর্তনশীল ভূপ্রকৃতিকে শৈল্পিকভাবে উপস্থাপন করেছেন। প্রদর্শনীর শিল্পকর্মগুলো বাংলাদেশের গ্রামীণ পরিবেশের সঙ্গে শিল্পীর নিজের গভীর সংযোগকে প্রতিফলিত করেছে।
বিপ্লব বিপ্রদাসের ভাষায়, ‘মাটির প্রতিটি স্তরই একেকটি গল্প বহন করে। ভূমি মনে রাখে পদচিহ্ন, শ্রম, ফসল, ঝড়, আচার, নীরবতা এবং হারিয়ে যাওয়ার ইতিহাস। আমি এমন কাজ নির্মাণ করতে চেয়েছি, যা স্মৃতির ভেতর থেকে উঠে আসে।’
বাগেরহাটে জন্মগ্রহণ করা বিপ্লব বিপ্রদাস সমসাময়িক শিল্পাঙ্গনে স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরির চেষ্টায় রত। তাঁর শিল্পকর্ম ঢাকা আর্ট সামিট, এশিয়ান আর্ট বিয়েনাল, টোন ইন্টারন্যাশনাল আর্ট বিয়েনাল এবং ভারতের আসামে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পেয়েছে।
‘আর্থ অ্যান্ড মেমোরি’ প্রদর্শনী ১০ জুন প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।