ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার অংশ নেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আজ সোমবার পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষণে অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন ও ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সাংবাদিকদের দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিরাপদে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।