হোম > সারা দেশ > ঢাকা

১ মাসের বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত সাত দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

টিএনজেড গ্রুপের শ্রমিকদের পূর্ণাঙ্গ বকেয়া বেতন-বোনাস পরিশোধ না করা হলে, শ্রম ভবনের সামনেই ঈদ পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা। অন্যদিকে আপাতত ৩ কোটি টাকার ব্যবস্থা করাসহ ঈদের পর মে দিবসের আগেই পুরো সংকটের সমাধান হবে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা।

শ্রমিক নেতাদের সর্বশেষ দাবি, অন্তত এক মাসের পূর্ণাঙ্গ বেতন ও ঈদের বোনাস না পেলে শ্রম ভবনের সামনেই ঈদ পালন করবেন তারা।

আজ শনিবার বকেয়া বেতনের ও বোনাসের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম সচিব। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল পৌনে ৫টা পর্যন্ত। বৈঠকে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, রেখা আক্তার তিন্নি ও সত্যজিৎ বিশ্বাসসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

বৈঠক শেষে শ্রম সচিব বলেন, ‘আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৮ এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠক হবে। মে দিবসের আগেই পুরোপুরি সমাধান করা হবে। সে পর্যন্ত টিএনজেড গ্রুপের পরিচালক শাহীনসহ তিন কর্মকর্তা শ্রম অধিদপ্তরের হেফাজতে থাকবেন।’

সচিব আরও বলেন, ‘টিএনজেড গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তা গ্রুপ ডিরেক্টর শরিফুল ইসলাম শামিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আলী হোসেন এবং গ্রুপ সিএইচও এনামুল হক আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকবেন। টিএনজেডের মালিক দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন এবং তিনি দেশে না ফেরা পর্যন্ত তিন কর্মকর্তাকে হেফাজতে রাখা হবে।’

শ্রম সচিবের এমন বক্তব্যের পর ২ কোটি টাকা নিতে অস্বীকৃতি জানান শ্রমিকেরা। অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিক প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। আমাদের ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে ২ কোটি টাকা নিলে জনপ্রতি মাত্র ছয় হাজার টাকা করে পাবে।’

বকেয়া বেতন-বোনাস পরিশোধ না করলে শ্রম ভবনের সামনে ঈদ পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

পরে শ্রম সচিব ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে বসে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে সচিব জানান, ঈদের আগে শ্রমিকদের ৩ কোটি টাকা পরিশোধ করা হবে। তবে তার এই প্রস্তাবের পর শ্রমিকেরা অন্তত এক মাসের পূর্ণাঙ্গ বেতন ও বোনাসের দাবি করেন।

বকেয়া বেতন বোনাসের দাবিতে গত সপ্তাহ ধরে (২৩ মার্চ থেকে) শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। এদের কারও তিন মাস, কারও চার মাসের বেতন ও ঈদের বোনাস বাকি রয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের সচিবের গাড়ির সামনে বসে পড়েন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

এর মধ্যে প্রস্তাবিত ৩ কোটি টাকা পরিশোধের বিপরীতে ঈদের আগে পূর্ণাঙ্গ বকেয়া-বেতন পরিশোধ করা না হলে, শ্রম ভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার শ্রমিক নেতারা। শ্রম সচিব চলে যাওয়ার পর বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এ সময় অ্যাপারেল প্লাস ইকোর শহিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। কারণ আমাদের ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে তিন কোটি টাকা নিলেও শ্রমিকদের কোনো কাজে আসবে না। কারণ তিন মাস বেতন না পাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছে। অনেকে দেনার দায়ে জর্জরিত। তাই ঈদের আগে অন্তত একটি বেতন ও একটি বোনাস না দিলে, আন্দোলন অব্যাহত থাকবে।’

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ