হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বোমাসদৃশ প্রেসার কুকার ঘিরে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, সাভার

উদ্ধার হওয়া বোমাসাদৃশ্য বস্তু। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি এলাকায় বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালটেক ঘোরাম মসজিদের মাঠ থেকে তার ও কালো রঙের স্কচটেপ প্যাঁচানো অবস্থায় প্রেসার কুকারটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড়চোপড়, কোরআন শরিফসহ তার ও কালো রঙের স্কচটেপ প্যাঁচানো প্রেসার কুকার দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সকালে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম আসার পর সেটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, বস্তুটি আসলেই বোমা কি না, তা বোমা ডিসপোজাল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।