হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক, সাভার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: সংগৃহীত

মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও থামানো যাচ্ছে না আশুলিয়ার পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সকাল থেকে নিশ্চিন্তপুর-নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে সকাল ১১টা পর্যন্ত ৫৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় গিয়ে হাজিরা দেন। এরপর কাজ বন্ধ করে দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন। নরসিংহপুরের হা-মীম গ্রুপ ও নিশ্চিন্তপুরের নিউএজ কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে আসেন। পরে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশের দিকে ধেয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন।

শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল আটটার পর থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিক এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

ওই কর্মকর্তা আরও জানান, সকাল ১১টা পর্যন্ত আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে আসেন। তাঁদের অধিকাংশই বাসায় ফিরে না গিয়ে সড়ক ও অলিগলিতে অবস্থান করছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশ তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

হা-মীম গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, এটা যেমন সত্য, তেমনি কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের উসকানি দেওয়ার কারণেই আন্দোলন থামছে না এটাও সত্য।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের মুখে আজ সকাল ১১টা পর্যন্ত ৫৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।’

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান

মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিং

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

পল্লবীর কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭

রাজধানীতে পার্কিং করা পরিবহন বাসে আগুন