জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মীরা কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। আজ রোববার ডিএসসিসি আওতাধীন এলাকার পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। বেলা ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে সড়কটির যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সব সময়ই আপনার পাশে রয়েছে।’
ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমলাপুরের দুইটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে ইতিমধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখসমূহ পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।