হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরের রাড্ডা: বিদ্যুৎ-পানি ছাড়াই স্বাস্থ্যসেবা চালু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু করতে চালানো হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা। এর মধ্যেই সেখানে আংশিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক চিকিৎসাসেবাও দেওয়া হয়।

রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি কক্ষে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। তবে এখনো পানি, বিদ্যুৎ ও শৌচাগারের কোনো ব্যবস্থা করা যায়নি।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটক সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। পরে একটি কক্ষে সেবা নিতে আসা শিশু ও মায়েদের বসার ব্যবস্থা করা হয়।

সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিশুদের হামের টিকাসহ অন্যান্য স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তবে বিদ্যুৎ-সংযোগ না থাকায় চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা মা ও শিশুদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এমসিএইচ-এফপির কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৩০০ মা ও শিশু এখানে চিকিৎসা নিতে আসে। হামলার পর গত দুই দিন গেটের সামনে ত্রিপল টানিয়ে টিকাদান কার্যক্রম চালানো হয়। গতকাল কক্ষ পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হলে টিকার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবাও চালু করা হয়।

১৮ মাস বয়সী ছেলে আলিফ হোসেনকে নিয়ে সকালে টিকা দিতে এসেছিলেন মোহাম্মদ রনি। তিনি বলেন, ছেলের জন্মের আগে থেকেই তাঁর স্ত্রী এই কেন্দ্রে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ছেলের জন্মের পর সব টিকাও এখান থেকেই দেওয়া হয়েছে। তবে কেন্দ্রটি ভাঙচুরের পর গোছানো পরিবেশ না থাকায় এবার তাঁদের কষ্ট পেতে হয়েছে।

কেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, বর্তমানে টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কিছু কিছু দেওয়া হচ্ছে। ধীরে ধীরে ভবনগুলো মেরামত করে দিলে আবারও পুরোদমে সব কার্যক্রম চালু করা হবে। স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গতকাল আজকের পত্রিকাকে বলেন, ওই কেন্দ্রে স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম চলছে। পুলিশ সেখানে রয়েছে। কেন্দ্রটি সংস্কারের জন্য ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে চার ঘণ্টার বেশি সময় ধরে এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে দেওয়া হয়। লুট করা হয় ওষুধ, টিকা, চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মালামাল। পরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে হানিফ মিয়াসহ দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, ১০ কাঠা জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানটি দখল করতে ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ও তাঁর অনুসারীরা হামলা চালিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঘটনার পর পুলিশের গাফিলতির অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে মো. রাজীব হোসেনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি মো. রাজীব হোসেন গতকাল আজকের পত্রিকাকে বলেন, রোববার দুজনসহ এ পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দারুস সালাম থানার বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া আসবাব, টিকা, রেজিস্টার খাতা, ফ্রিজ, অফিসের কাগজপত্র, প্রিন্টার, জেনারেটরসহ ৪৬ ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। মালামাল বহনকারী দুটি কাভার্ড ভ্যানও আটক করা হয়েছে।

এদিকে গতকাল সকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্রটি মূল ফটকের গেট সরিয়ে এবং কক্ষ পরিষ্কারের কাজে অংশ নেন তাঁর অনুসারীরা। প্রধান গেটে প্রতিষ্ঠানটির রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ব্যানারও টাঙিয়ে দেন তাঁরা। পরে একটি কক্ষে মা ও শিশু রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখা যায় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের।

বিকেলে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, এই সেন্টারে যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছিল, তারাই এসে পরিষ্কার করেছে।