হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চার দিনেও রাজধানীর অনেক এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি দুই সিটি করপোরেশন। গতকাল ঢাকা দক্ষিণ সিটির শাহজাহানপুরের কলোনি এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার দুপুর থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। পরে রাতে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ সময় তিনি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে বলে দাবি করেন। অন্যদিকে উত্তর সিটি করপোরেশন জানায়, ঈদের দিনে তারা ৮ হাজার ৭৬ টন বর্জ্য অপসারণ করেছে।

তবে ঈদের পরদিন গত শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে কোরবানির পশুর বর্জ্য, রক্ত, খুর, চামড়া ও অন্যান্য উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা গেছে। এতে কোথাও কোথাও দুর্গন্ধ ছড়িয়েছে এবং ভোগান্তির কথা জানান নগরবাসী। ওই দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তর ও দক্ষিণ সিটির অন্তত ২৯টি স্থানে বর্জ্য অপসারণ সম্পূর্ণ হয়নি। এর মধ্যে ডিএনসিসির ১৮টি ও ডিএসসিসির ১১টি এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

ঢাকা উত্তর সিটির মিরপুর-১১ সাংবাদিক আবাসিক এলাকা, মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন এলাকা, সেনপাড়া পর্বতা, পূর্ব মণিপুর, শাহজাদপুর, গুলশান ও বনানীর কয়েকটি সড়ক ও দক্ষিণ সিটির ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, গণকটুলী, চকবাজার, বকশীবাজার ও নাজিরাবাজারসহ বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য দেখা গেছে।

এদিকে গত শুক্রবার দুপুরে শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন। পরে শুক্রবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে কিছু না জানিয়ে শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য অপসারণে অসন্তোষ জানিয়ে দুই সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে তাঁর বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি আমাদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন এবং তাঁর গাড়িতে আমাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন বা কোথায় যাবেন, সে বিষয়ে আমাদের কোনো পূর্বধারণা ছিল না। পরে দেখা যায়, তিনি নিজেই গাড়ি চালিয়ে বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে বের হয়েছেন।

তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য অপসারণের দাবি করছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য ‘প্রায়’ অপসারণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার পশুর হাট ও কোরবানির বর্জ্যের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঈদের দিন থেকে গত শনিবার রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে, যেখানে প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন।

এদিকে গত শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঈদের তিন দিনে মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে | তিনি বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্ল্যান অনুযায়ী নগরবাসী, সাংবাদিক ও ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় উত্তর সিটি করপোরেশনের কোরবানির পশুর বর্জ্য প্রায় অপসারণ করতে সক্ষম হয়েছি।

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য নয়, বাসা-বাড়ির বর্জ্যের কারণে এ আদেশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে সঠিক তদন্তের মধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ছয় শিশুর প্রাণ গেছে আদ্‌-দ্বীনের অবহেলায়

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

৩ দিনে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

কোরবানির পশুর বর্জ্য প্রায় অপসারণ করতে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার