হোম > সারা দেশ > ঢাকা

বাসে ওঠার সময় মোবাইল ছিনতাই, পালানোর আগেই আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।

গতকাল সোমবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী-মাওয়া মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ওয়ারী ট্রাফিক বিভাগ জানায়, ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. ফজলে রাব্বি ও কনস্টেবল মো. রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে ওঠার সময় তাঁর পকেট থেকে মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে আটক মুজাহিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

আটক মুজাহিদকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।