নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ, কেনাবেচা ও সরবরাহের অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত শনিবার রাত সোয়া ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, মেহেদী বিভিন্ন ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইল সিমের মালিকানা তথ্য, কল তালিকা, সর্বশেষ কলের অবস্থান, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, কর শনাক্তকরণ নম্বর, বিকাশ ও নগদসহ বিভিন্ন ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব তথ্য সংগ্রহ করে পরে বেশি দামে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন তিনি।
র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের ভাষ্য, মুঠোফোনটি যাচাই করে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ ও নগদ হিসাব ব্যবহারের তথ্য পাওয়া গেছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধানে মেহেদী ও তাঁর সহযোগীরা ডিজিটাল যন্ত্র ও অনলাইন মাধ্যম ব্যবহার করে বেআইনিভাবে তথ্য সংগ্রহ, স্থানান্তর ও সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় তাঁকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১০।