সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আশিকাকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহানগর আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৯ জুন আশিকাকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২৬ জুন আশিকাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৫ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিরপুর টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উচ্ছেদে জড়ো হয়েছেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখান থেকে একটি সাদা রঙের পিভিসি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব ও ঐতিহ্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকা মহানগর উত্তর’।
এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আশিকা সুলতানার নেতৃত্বে সেখানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করা হয়েছিল। ওই মিছিলের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির চেষ্টা চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।