হোম > সারা দেশ > ঢাকা

দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর গাজী নজরুলকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সালাউদ্দিন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয় নজরুলকে। গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলকে ৪ দিন ও তাঁর স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকসুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলামকে চার দিন করে দুই দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এই মামলার তৃতীয় আসামি ভুক্তভোগীর মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।