রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় ওই সড়কে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, ঈদের পরপরই নাসা গ্রুপ তাদের গার্মেন্টস বন্ধ করে দেয়। নাসা গ্রুপের কাছে তাঁদের বেতন-ভাতা ছাড়াও আর কিছু দাবিদাওয়া রয়েছে। গার্মেন্টস বন্ধ করে দিলে তাঁদের কিছু বেতন-ভাতা দেওয়ার কথা থাকে। সেগুলো তাঁরা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আজ সকাল সোয়া ১০টার দিকে নাসা গ্রুপের দুই শতাধিক পোশাকশ্রমিক লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।