হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা–৬: নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বসিত নারী ভোটাররা

সোহানুর রহমান, জবি

ঢাকা–৬ আসনে নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বসিত নারী ভোটাররা। ছবি: আজকের পত্রিকা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পুরান ঢাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল নারীদের সরব উপস্থিতি। শীতের হালকা কুয়াশা ভেদ করে কেউ সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ স্বামীর সঙ্গে, আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে দল বেঁধে কেন্দ্রে হাজির হন। ভোট দেওয়া শেষে তাঁদের মুখে ছিল স্বস্তির হাসি; চোখেমুখে স্পষ্ট উচ্ছ্বাস ও নিজের ভোট নিজে দেওয়ার আনন্দ। ‎

সকাল থেকে সরেজমিনে একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতিই বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁদের মধ্যে ছিল না কোনো বিরক্তি; বরং ভোট দিতে পারার অভিজ্ঞতাই যেন তাঁদের কাছে বড় প্রাপ্তি।

সূত্রাপুরের বাসিন্দা তহমিনা তিথি বলেন, ‘জীবনের প্রথম ভোট দেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছি। খুব ভালো লাগছে।’

গেন্ডারিয়া থেকে ভোট দিতে আসা আয়েশা আক্তার কবি নজরুল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমরা আগে এতটা গুরুত্ব দিয়ে ভোট দিতে পারতাম না। এখন নিজের সিদ্ধান্ত নিজে দিতে পারছি এটাই সবচেয়ে বড় বিষয়।’

লক্ষ্মীবাজারের বাসিন্দা লাইলা আক্তার লিপি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। এত দিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’ ‎

‎নির্বাচনী কর্মকর্তারা জানান, নারী ভোটারদের উপস্থিতি আশানুরূপ এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটগ্রহণ সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে। মোটামুটি উপস্থিতি রয়েছে, যার মধ্যে নারী ভোটার বেশি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।’

‎পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজিবুল ইসলাম বলেন, ‘সকাল থেকে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে ধীরে ধীরে বাড়ছে। নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’ ‎

প্রসঙ্গত, জাতীয় সংসদের ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‎

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ (মাছ), বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণ অধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলামও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘প্রথমবার ভোটার হয়েই নতুন পরিবেশ পেয়েছি, ভোট দিতে ঝামেলা হয়নি’

ঢাকা-১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ঢাকা-১৪: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভোটার উপস্থিতি

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, ঐতিহাসিক নির্বাচন হচ্ছে: ডিএমপি কমিশনার

গৌরনদীর এক কেন্দ্রে সাড়ে ১২টা পর্যন্ত হিন্দু অধ্যুষিত কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশের বেশি

ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা, সেনাবাহিনীর হস্তক্ষেপ