রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা মামলায় আরও এক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের পর সুইডেন আসলামকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। সুইডেন আসলামের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুইডেন আসলামকে গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। নিহত টিটন ঢাকার আরও এক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।
হত্যাকাণ্ডের পর গত ২৯ এপ্রিল টিটনের ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামির তালিকা অজ্ঞাতনামা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল।
এজাহারে বলা হয়, মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ও তাঁদের সহযোগী আরও পাঁচ-সাতজন এই হামলায় অংশ নেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুইডেন আসলাম নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।