হোম > সারা দেশ > ঢাকা

‘শিশু দিবাযত্ন কেন্দ্র করা গেলে নারীরা কর্মস্থলে প্রবেশ করতে উৎসাহিত হবে’

নিজস্ব প্রতিবেদক ঢাকা

শিশু দিবাযত্ন কেন্দ্র করা গেলে কর্মজীবী মায়েরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিশ্চিন্তে পালন করতে পারবেন। শিক্ষিত ও দক্ষ নারীরা কর্মস্থলে প্রবেশ করতে উৎসাহিত হবেন। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালে কর্মস্থলে নারী-পুরুষের সমান অংশগ্রহণ সম্ভব হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আজ রোববার মতিঝিলে মহিলাবিষয়ক অধিদপ্তরের শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নারীবান্ধব উন্নয়ন ও নীতি-কৌশল বাস্তবায়নের ফলে গত এক যুগে সরকারি ও বেসরকারি আত্মকর্মসংস্থানসহ সব ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এসব কর্মজীবী নারীর সন্তানদের সুরক্ষা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। 

 মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বর্তমানে ১১৯টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিতব্য মহিলা কমপ্লেক্স ভবন এবং সব বৃহৎ ও সুউচ্চ সরকারি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। মহিলাবিষয়ক অধিদপ্তরের ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মতিঝিলের বিসিআইসি ভবনে এই ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। ৩ হাজার ৯০০ বর্গফুট আয়তনের এই শিশু দিবাযত্ন কেন্দ্রে ৬০ জন শিশু সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থাকবে। এ সময় শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, দুবার নাশতা ও দুপুরের খাবার দেওয়া হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে রয়েছে শিশুদের বিভিন্ন খেলনা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা। 

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব ড . মু. আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, প্রকল্প পরিচালক শবনম মোস্তারী ও ডে-কেয়ার অফিসার শমি হামিদসহ কর্মকর্তারা।

ভাষাশহীদদের কবর জিয়ারত ইনকিলাব মঞ্চের

ফাস্ট ফুড ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছিলেন বিশ্ববিদ্যালয়ছাত্রী, নিতে হলো গলায় ফাঁস

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার

রাজধানীতে দিনদুপুরে পুলিশকে ছুরিকাঘাত, ফেলে যাওয়া ব্যাগে মিলল ককটেল-বোমা

শহীদ মিনারে ডাকসুর একাংশের শ্রদ্ধা, উপেক্ষিত হওয়ার ক্ষোভ বাকিদের

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি