হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে গোডাউনে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজকের পত্রিকা ডেস্ক­

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, চকবাজারের গোডাউনে আগুন তাদের ১১টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আজ ভোর ৫টা ২০ মিনিটে। কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও পরে আগুন ছড়িয়ে পড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মনজুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান ও পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে পরিপূর্ণ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুনের তীব্রতাও বাড়তে থাকে।

আরও পড়ুন: