হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার চারজন। ছবি: ডিবি

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারের আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে গেন্ডারিয়ার মীর হাজীরবাগ এলাকার ইসরাত কনস্ট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।

ডিএমপি জানায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিবির ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাগুলিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি তাঁদের অবস্থান ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী পাকা রাস্তার পাশে গেন্ডারিয়ার মীর হাজীরবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় ডিবির ওয়ারী বিভাগের একটি দল। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফরিদ বেপারীর কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি স্টিলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর প্যান্টের সামনের পকেট থেকে ১৬০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

এ ছাড়া মো. সবুজের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি স্টিলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। শাহাদাত হোসেন আলিফের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাত হোসেনের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। গত ৩০ আগস্ট স্বামীবাগ এলাকায় গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনার সিসিটিভি ফুটেজে তাঁদের ছবি প্রকাশ পাওয়ার পর তাঁরা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।