হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইকবাল সোবহান চৌধুরী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, ইকবাল সোবহান চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গোলাগুলির মধ্যে চোখে গুলিবিদ্ধ হয় লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ইকবাল সোবহান চৌধুরী মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এই অবস্থায় তাঁকে গ্রেপ্তার দেখানো ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

অনলাইন জুয়ার জন্য তিন দিনের সিম ভাড়া, লেনদেন ২ কোটি টাকার বেশি

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

কারও ড্রেসআপ ঠিক নেই—তারা চিকিৎসক, নার্স, নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

হত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহত

পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং-দোকান, দুই অটোরিকশাচালকের মৃত্যু

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ গ্রেপ্তার, মামলা ৫৫

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন