সিকদার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান আর অ্যান্ড আর অ্যাভিয়েশন লিমিটেডের আটটি উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের আবেদন করে দুদক।
দুদকের আবেদন অনুযায়ী, দুটি রবিনসন-৬৬, দুটি ইউরোকপ্টার-১৩০ বি-৪, একটি বেল-২৩০, একটি বেল-৪৩০, একটি হকার-৮০০এ এবং একটি পিয়াজিও-১৮০ আভান্তি-২ মডেলের উড়োজাহাজ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সব কটি উড়োজাহাজ ও হেলিকপ্টারের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় এসব সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক।
আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। ঋণের অর্থ বিভিন্ন স্তরে স্থানান্তরের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল কাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর অ্যাভিয়েশন লিমিটেডের মাধ্যমে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবসা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এয়ারক্রাফট অপারেটর হিসেবে নিবন্ধিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনার কার্যক্রম রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, গোপন তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানটির মালিকানাধীন উড়োজাহাজ ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব উড়োজাহাজ বিক্রি, স্থানান্তর বা হস্তান্তর করা হলে গুরুত্বপূর্ণ আলামত ও সম্পদ শনাক্ত এবং পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এ কারণে সেগুলো ক্রোকের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।