হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হন বন বিভাগের কর্মী। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শরিফুল আলমসহ তিনজনের অবস্থা গুরুতর। শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন বনপ্রহরী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।

এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনভূমি দখলদাররা সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গত শনিবার (২৫ জুলাই) সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই দিন শিয়াপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছিল। এসব অভিযানের কারণে অবৈধ দখলদার চক্র ক্ষুব্ধ হয়ে আজ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে।

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে বন বিভাগের তরফ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১