হোম > সারা দেশ > কক্সবাজার

বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি

ছবি: এএফপির ফাইল ছবি

সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ওসি সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি ও ৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, ডুবে যাওয়া নৌকাটির আরোহীরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যেতে বাংলাদেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তাঁরা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধেও তদন্ত চলছে। মারা যাওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।