কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় আজ রোববার দুপুর ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) গুলিবিদ্ধ হন। বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের প্রায় ৬০ লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিকাশ এজেন্ট আবদুর করিম জানান, বিকাশের তিনজন সেলসম্যান ‘পালকী’ পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাস স্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন।
পথে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজের কাছে সশস্ত্র একদল ডাকাত গাছ ফেলে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসটির গতিরোধ করে।
পরে ডাকাতরা বিকাশের সেলসম্যান আল আরমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত আল আরমানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
দিনদুপুরে ব্যস্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এমন সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।