কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার সকালে উপজেলার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এই অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন মো. ফয়সাল (২১) ও তাঁর বড় ভাই রবিউল আলম (২৩)। তাঁরা উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের বাসিন্দা।
এপিবিএনের দাবি, ফয়সাল আরসার জিম্মাদার হিসেবে পরিচিত।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২ ওয়েস্টের সি-৫ ব্লকে দুই ভাইয়ের নিজস্ব আশ্রয়স্থলে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় দুই ভাইকে আটক করে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।