হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আবাসিক হোটেলের বারে সংঘর্ষ, যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

নিহত যুবক রাশেদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের রেনেসাঁ নামের একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে মোহাম্মদ রাশেদ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।

পুলিশ, বারের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচ ব্যক্তি রেনেসাঁ হোটেলের বারে যান। সেখানে মদ্যপান অবস্থায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাইরে থেকে আরও দুজন বারের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁদের সঙ্গে বারে থাকা কয়েকজনের হাতাহাতি শুরু হয়। এ সময় রাশেদকে মদের বোতল বা ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধারের সময় তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. অহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের আটকের চেষ্টা করছে পুলিশের একাধিক দল।

তিনি বলেন, তদন্তের জন্য ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে।

বারের নিরাপত্তাব্যবস্থা এবং সেখানে প্রবেশের নিয়ন্ত্রণ কীভাবে করা হয়েছিল, সেটিও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিরা স্থানীয় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মদ্যপানের লাইসেন্স ছাড়া কাউকে মদ বিক্রি করার নিয়ম নেই। কিন্তু শহরের অধিকাংশ বার নিয়ম ভঙ্গ করে পরিচালনা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় লোকজন সোলাইমান নামের একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন বলে জানা গেছে।