হোম > সারা দেশ > কক্সবাজার

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় বিএনপির সমর্থক এক যুবকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে হামলায় সৈয়দা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের টাইপালং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন ওই এলাকার বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় একটি মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। এই দেয়াললিখনে কে জড়িত তা নিয়ে এলাকায় কয়েক দিন ধরে আলোচনা চলছিল। এর জেরে স্থানীয় এনজিওকর্মী ইমরানকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলায় প্রাণ হারান সৈয়দা বেগম।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াললিখন নিয়ে আকাশ নামের স্থানীয় বিএনপি সমর্থক এক যুবক ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে স্থানীয় এক যুবক হা হা রিঅ্যাক্ট দেন। আকাশ ওই যুবকের কাছ থেকে এ ধরনের রিঅ্যাক্টের কারণ জানতে চান। জবাবে তিনি (ইমরান) নন, তাঁর স্ত্রী ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেন বলে জানান।

এসপি আরও বলেন, এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সময় সৈয়দা খাতুন আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে। বর্তমানে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইউনুস নামের এক যুবক ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি সমর্থকেরা তাঁর ওপর ক্ষুব্ধ। গতকাল রাতে কয়েকজন বিএনপির সমর্থক ইউনুসকে ধরে মারধর শুরু করেন। এ সময় ইমরান সেখানে ছিলেন। ইমরান তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। হামলাকারীরা তখন ইমরানকেও মারধর শুরু করেন। ছেলের ওপর হামলার খবর পেয়ে ইমরানের মা সৈয়দা খাতুন ঘটনাস্থলে পৌঁছে হামলার শিকার হন।

ইমরান বলেন, ‘ইউনুস আমার বাল্যবন্ধু। গতকাল রাতে সে ও আমি স্টেশনের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম ও তাঁর ছেলে আকাশ, বিএনপি নেতা মিজান সিকদার ও তাঁর ছেলে জিসান সিকদার, শ্রমিক দল নেতা সাইফুল সিকদারসহ ১০-১২ জন ঢুকে মারধর শুরু করে। খবর পেয়ে আমার মা ছুটে এসে রক্ষা করার চেষ্টা করলে তারা আমার মাকেও মারধর করে।’

এদিকে গতকাল রাতে বিএনপি নেতা মিজান সিকদার ও তাঁর ছেলে জিসান সিকদার এই হামলার ঘটনায় তাঁরা জড়িত নয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে।

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

চকরিয়ায় মসজিদের কক্ষে আড়ার সঙ্গে ঝুলছিল ইমামের মরদেহ

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক