বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আজ একটি জায়গায় ভিড় করে সেখানে বসবাসকারী আবালবৃদ্ধবনিতা। সবার চোখ একটি বড় পর্দার দিকে। যেখানে চলছিল মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়। কাঙ্ক্ষিত সেই রায় অবশেষে তাঁদের ভারাক্রান্ত হৃদয়ে এনে দিল খনিকের উল্লাস।
সরেজমিনে দেখা যায়, কেউ মনোযোগ দিয়ে শুনছিলেন আদালতের পর্যবেক্ষণ, কেউ খুঁজছিলেন হারিয়ে যাওয়া স্বজনদের জন্য ন্যায়বিচারের আশ্বাস। রায় ঘোষণার পর অনেকের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি। আন্তর্জাতিক স্বীকৃতি মিললেও এখনো নিশ্চিত হয়নি অপরাধীদের বিচার কিংবা নিজ দেশে ফেরার অনিশ্চয়তার হতাশাও ফুটে ওঠে কারও চোখে-মুখে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় সাত বছরের আইনি লড়াই শেষে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ের খবর দেখতে দুপুর থেকেই ১৫ নম্বর ক্যাম্পে জড়ো হন হাজারো রোহিঙ্গা।
রাখাইনের মংডু থেকে স্বজন ও বাড়িঘর হারিয়ে পালিয়ে আসা নুর মোহাম্মদ (৫৫) জানান, শুধু নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি পেলে হবে না। হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। তাহলেই যাঁরা নৃশংস হত্যার শিকার হয়েছেন, তাঁদের আত্মা শান্তি পাবে।
রোহিঙ্গা নাগরিকদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। রায় পেয়ে আমরা খুশি। তবে যারা গণহত্যা চালিয়েছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি।’
রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা শুধু রায়ের স্বীকৃতি চাই না, যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে, তাদের শাস্তি চাই।’
আট বছর বয়সে পরিবারের সদস্যদের সঙ্গে পালিয়ে এসেছিল ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিন। তার বয়স এখন ১৭ ছুঁই ছুঁই। মোহাম্মদ আমিন বলেন, ‘আমরা আর অন্য দেশে শরণার্থী হয়ে থাকতে চাই না। নিজের জন্মভূমিতে নিরাপদে ফিরতে চাই।’ এ জন্য দ্রুত প্রত্যাবাসনের পথ তৈরির দাবি জানায় এই রোহিঙ্গা কিশোর।
১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। রোহিঙ্গাদের সুরক্ষা, নির্যাতন বন্ধ, ক্ষতিপূরণ ও ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে নিশ্চয়তা চেয়ে আদালতের দ্বারস্থ হয় দেশটি।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিয়ানমার রোহিঙ্গাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের যে চেষ্টা করে আসছে, এই রায়ের ফলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয়েছে।