হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেনসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেনসহ গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজন হলেন—মো. জুনায়েদ (২৩)। আরসা কমান্ডার নূর হোসেন (৩১) উখিয়ার ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা জমির হোসেনের ছেলে এবং জুনায়েদ একই ক্যাম্পের বাসিন্দা মো. ইসমাইলের ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তার দুজনই আরসার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বিশেষ অভিযানের সময় ১৭ নম্বর ক্যাম্পের গোলঘরের পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার নূর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।