হোম > সারা দেশ > কক্সবাজার

হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালেন রোহিঙ্গা আসামি

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন মোহাম্মদ ইব্রাহিম নামে এক রোহিঙ্গা আসামি হাতকড়াসহ পালিয়েছেন। গতকাল বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় তিনি পালান। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয় লোকজন অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানায় হস্তান্তর করেন। স্থানীয় লোকজনের মারধরে তাঁরা আহত হন। পরে পুলিশ চিকিৎসার জন্য দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামি ইব্রাহিম পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের নজর এড়িয়ে হাসপাতালের ওয়ার্ড থেকে হঠাৎ হাতকড়াসহ পালিয়ে যান ইব্রাহিম।