কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্যাম্পের বাসিন্দা আতাসমুল হকের স্ত্রী শহীদ নুর (৩৩) ও তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে মো. শামীম হক। গুরুতর আহত আট বছর বয়সী ছেলে মো. আবছারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে ক্যাম্প-৬ থেকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আতাসমুল হক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।