হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ১৭ কোটি ৭০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

এসআরবি ও বিজিবির অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে এসআরবি ও বিজিবি। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোরের মধ্যে পৃথক সময়ে এই অভিযান চালানো হয়েছে। আজ বিকেলে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর স্লুইসগেটসংলগ্ন নাফ নদী সীমান্ত এলাকা থেকে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআরবি ও বিজিবির সদস্যরা। এ সময় মোহাম্মদ ইদ্রিস নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকা থেকে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ ও আতাউর রহমান নামের দুই মাদক কারবারিকে আটক করে এসআরবি।

উল্লেখ্য, গত এক মাসে ১২০টি অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, তিনটি অস্ত্রসহ ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করে এসআরবি। এসব অভিযানে ৪৬ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ১৫৮ জন আসামিকে আটক করা হয়।