হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আগুনে ছাই ১৫ দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উপজেলার মাঝেরফাঁড়ি স্টেশনের রেজা মার্কেটে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশনের রেজা মার্কেটে এ ঘটনা ঘটে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেজা মার্কেটের একটি দোকানে প্রায়ই বৈদ্যুতিক সংযোগ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হতো। আজ শনিবার ভোররাতে ওই দোকান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তামজিদুল ইসলাম বলেন, ‘আগুনে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুঁজি হারিয়ে এখন পথে বসার অবস্থা হয়েছে। এর মধ্যে ধারদেনাও রয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম।’

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, কাকারার মাঝেরফাঁড়ি স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।