কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ওয়াশরুমের দরজা কেটে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের সদস্যদের বরাতে সিরাজ আমিন জানান, গতকাল শুক্রবার বিকেলে রোলকলের সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের বিভিন্ন স্থানে তাঁর খোঁজ নেওয়া হয়। পাশাপাশি তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি মো. শরীফ ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের জানালা দিয়ে ভেতরে তাকান তিনি। এ সময় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। স্টিলের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’