হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে বিলীন হচ্ছে উপকূল

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ছিঁড়ে গেছে বালুভর্তি জিও ব্যাগ। এতে হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। গতকাল কক্সবাজার শহরের কলাতলী সৈকতে। ছবি: আজকের পত্রিকা

ভিটেমাটি, বাড়িঘর—সবই ছিল মোহাম্মদ আলমের। তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। উপকূলে ভাঙন তাঁর সব কেড়ে নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচরের এই বাসিন্দার এখন আশ্রয় নিজ ভিটেমাটি ছেড়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া সৈকতে। পরিবার নিয়ে ১৬ বছর ধরে এখানে তাঁর বসবাস।

শুধু আলম নন, এমন শত শত মানুষ সাগরের ভাঙনে আশ্রয় নিয়েছেন কক্সবাজার শহরে। সমুদ্রবিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈরী আবহাওয়া, উত্তাল ঢেউ এবং বাড়তি জোয়ারের চাপে কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলে ভাঙন তীব্র হচ্ছে। কুতুবদিয়া, মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা থেকে কক্সবাজার শহর হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত এর প্রভাব পড়ছে। কোথাও বিলীন হচ্ছে বালিয়াড়ি ও ঝাউবন, কোথাও হুমকিতে পড়ছে বসতি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সংকুচিত হচ্ছে সৈকত।

এই ভাঙন নিয়ে কথা হয় মোহাম্মদ আলমের সঙ্গে। বয়স সত্তর পেরোনো এই প্রবীণ বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর প্রথম তাঁর ভিটেবাড়ি সাগরে বিলীন হয়। এরপর একটু দূরে গিয়ে আবার ঘর তৈরি করেন। কয়েক বছর পর সেটিও চলে যায় সাগরে। এভাবে ভাঙতে ভাঙতে তাঁর সব জমি সাগরে বিলীন হয়ে যায়। তিনি বলেন, ‘১৯৮৩ সাল থেকে পরপর তিনবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। দুর্যোগ-দুর্বিপাকে কত মানুষকে সাহায্য করেছি, পরামর্শ দিয়েছি। সে সময় সার্ভিস ট্রলার ও ব্যবসা-বাণিজ্য ছিল। এখন কেবল সেই স্মৃতি নিয়েই বেঁচে আছি।’

মোহাম্মদ আলমের মতো অনেকে বাস্তুহারা হয়ে আশ্রয় নিচ্ছেন কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকা ও খাসজমিতে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ২০২১ সাল থেকে সাগরে ভাঙন বেড়েছে। চলতি বছর কিছু এলাকায় তা আরও স্পষ্ট হয়েছে। তবে কী পরিমাণ ভূমি বিলীন হয়েছে, ভাঙনের হার কতটা বেড়েছে এবং এর পেছনে ঢেউ, জোয়ার, জলোচ্ছ্বাস নাকি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভূমিকা বেশি; এ বিষয়ে সমন্বিত হালনাগাদ তথ্য নেই।

বৈরী আবহাওয়ায় চাপ

চলতি বছরের জুন থেকে ২ নভেম্বর পর্যন্ত অন্তত ১২ দফা বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত দেওয়া হয়। এ সময়ে উত্তাল ঢেউ উপকূলে আঘাত হানে। কোনো কোনো এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। গত চার-পাঁচ বছরে আবহাওয়ার বৈরী আচরণ এবং এর প্রভাব আরও বেশি দৃশ্যমান হয়েছে।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ভাঙন তীব্র হয়ে উঠছে বলে মনে করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া। তিনি বলেন, ২০২১ সাল থেকে কক্সবাজার উপকূলের কুতুবদিয়া, মাতারবাড়ী এবং কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত এলাকায় ভাঙনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রতীরের ভাঙন নিয়ে করা গবেষণার তথ্য তুলে ধরে এই সমুদ্রবিজ্ঞানী বলেন, ‘কক্সবাজার শহরের বালিয়াড়ির কয়েকটি স্তরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে। ফলে সমুদ্রতীরের মাটির স্বাভাবিক বন্ধন বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ভাঙন বাড়ার পাশাপাশি বালিয়াড়ি পুনর্গঠনও হচ্ছে না।’

সৈকত সংকীর্ণ, ঝুঁকিতে পর্যটন

কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে হিমছড়ি, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয়। কিন্তু ভাঙনে বিভিন্ন স্থানের বালিয়াড়ি ও ঝাউবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ করলেও তাতে কাজ হচ্ছে না। বেশির ভাগ জিও ব্যাগ ছিঁড়ে সাগরে তলিয়ে গেছে।

শহরের মোটেল শৈবাল পয়েন্টের কিটকট ব্যবসায়ী আবদুল কুদ্দুস দীর্ঘ ৪৫ বছর ধরে সৈকতের ভাঙন দেখে আসছেন। তাঁর ভাষ্যমতে, ২০-২৫ বছর আগে শৈবালের ঝাউবন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল সাগর। এর মধ্যে ভাঙনে শৈবালের ওয়াকওয়ে পর্যন্ত বিলীন হয়ে গেছে। এখন জোয়ারের সময় সৈকতে পর্যটকদের হাঁটারও জায়গা থাকে না।

নাজিরারটেক থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সৈকত ঘুরে দেখা গেছে, বেশ কিছু জায়গায় পানির নিচে গভীর খাদ তৈরি হয়েছে। এতে গোসলে নামা পর্যটকদের ঝুঁকি বেড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলতি বছর এ পর্যন্ত ১৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে।

বোরির ভূতাত্ত্বিক ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, কক্সবাজারের পাহাড় থেকে সাগরে পানি নামার জন্য যে প্রাকৃতিক ছড়াগুলো ছিল, তার বেশির ভাগই হারিয়ে গেছে।

ঝুঁকিতে ভিটেবাড়ি

ভাঙন এখন শুধু সৈকত বা বালিয়াড়িতে সীমাবদ্ধ নেই। কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকার বিমানবাহিনীর ঘাঁটি, মোটেল শৈবাল, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কও সাগরের ভাঙনের মুখে রয়েছে। কয়েক বছরে সাবরাং ট্যুরিজম পার্কের প্রায় ৫০০ একর ভূমি সাগরে বিলীন হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, কুতুবদিয়ার কৈয়ারবিল থেকে উত্তর ধুরং পর্যন্ত এলাকার বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

উপকূলীয় ভাঙনের পেছনে একাধিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ কাজ করে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ‘টার্কিশ জার্নাল অব রিমোট সেন্সিং’-এ প্রকাশিত এক গবেষণায় কক্সবাজারের নাজিরারটেক থেকে ইনানী পর্যন্ত ৭২ দশমিক ৪৬ বর্গকিলোমিটার এলাকার ভাঙনঝুঁকি মূল্যায়ন করা হয়। গবেষণায় দেখা যায়, এই এলাকার ৪৭ দশমিক ৬৫ শতাংশ উচ্চ ভাঙনঝুঁকিতে রয়েছে। ২৫ দশমিক ৯ শতাংশ মাঝারি এবং ২৭ দশমিক ২৬ শতাংশ নিম্ন ঝুঁকির এলাকার অন্তর্ভুক্ত।

২০২৫ সালের জুলাই মাসে প্রকাশিত আরেক গবেষণায় কক্সবাজার থেকে টেকনাফ উপকূলের ১৯৮৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৫ বছরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, এই উপকূলে ১ হাজার ৮৫ হেক্টর ভূমি বিলীন হয়েছে। অন্যদিকে, ভাঙনের বিপরীতে পলি জমে এলাকায় ২৮৪ হেক্টর নতুন ভূমি তৈরি হয়েছে।

সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে গড়ে ৫ দশমিক শূন্য ৫ মিলিমিটার এবং মহেশখালীতে ৭ দশমিক ৫ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কমোডর শেখ শাহীদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজার উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটুকু বেড়েছে, তা জানতে আরও গবেষণা দরকার।’ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় ৪ দিন পর মামলা, গ্রেপ্তার ৬

কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, সড়ক অবরোধ

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার

পাহাড়ে ৩ মরদেহের খবরে যৌথ বাহিনীর অভিযানে মিলেছে গুলি, খালি খোসা ও এনআইডি

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে, ৩ মরদেহ পড়ে থাকার খবর

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

ইনানীতে ভাড়া বাসা থেকে সি পার্লের স্পা কর্মীর মরদেহ উদ্ধার

টেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুজনকে পিটিয়ে হত্যা, আহত ২

সেন্ট মার্টিন নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, কক্সবাজার থেকে চলাচল শুরু কাল