হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কক্সবাজার প্রতিনিধি

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে এনায়েত উল্লাহ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার সজীব আলী (২৫)। এনায়েত অটোরিকশাচালক ছিলেন। সজীব পেশায় একজন ফেরিওয়ালা।

আহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক মো. নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে হোয়াইক্যং স্টেশনমুখী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক এনায়েত উল্লাহর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মিনিট্রাক জব্দ করা হয়।

পরিদর্শক মো. নুরুল আবছার জানান, নিহত দুজনের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।