হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে কমেছে পর্যটক, জাহাজ বন্ধ সেন্ট মার্টিন রুটে

কক্সবাজার প্রতিনিধি

ছুটির দিনে কক্সবাজার সমুদ্রসৈকতের সেই উপচে পড়া ভিড় আজ নেই। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও কক্সবাজারে পর্যটকের কাঙ্ক্ষিত ভিড় নেই। অধিকাংশ হোটেল-রিসোর্টের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বৈরী আবহাওয়ায় গত দুই দিন ধরে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া ছিল গুমোট।

বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট ঘুরে দেখা যায়, অন্য ছুটির দিনের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেক কম। সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে কিছু পর্যটক ঘোরাফেরা করছেন। কেউ সমুদ্রের ঢেউ দেখছেন, কেউ ছবি তুলছেন। তবে সাধারণ ছুটির দিনে সৈকতে যে প্রাণচাঞ্চল্য ও মানুষের ঢল দেখা যায়, তা নেই।

সৈকতকেন্দ্রিক বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও অলস সময় পার করছেন। পর্যটক কম থাকায় বেচাকেনাও তেমন নেই। সৈকতের চেয়ার-ছাতা, ফটোগ্রাফি, বিচবাইক, ঘোড়ার গাড়ি ও খাবারের দোকানগুলোতে ব্যস্ততা কম।

ট্রিপ জোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক জিকু পাল বলেন, সুগন্ধা পয়েন্টের সেইলর বিচ রিসোর্টের ২২টি কক্ষের মধ্যে মাত্র সাতটি বুকিং হয়েছে। অন্য কক্ষগুলো খালি পড়ে আছে। অথচ সাপ্তাহিক ছুটির দিনে তাঁদের কোনো কক্ষ খালি থাকে না।

ইনানী সৈকতে ট্রিপ জোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আরও একটি রিসোর্টের ২৫টি কক্ষের মধ্যে আটটি বুকিং হয়েছে বলে জানান জিকু পাল। আগামীকাল শনিবারের জন্য বুকিং হয়েছে মাত্র দুটি কক্ষ।

কক্সবাজার শহরের শৈবাল ট্যুরিজমের মালিক সাইফুল আলম বলেন, বৈরী আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় পর্যটকখরা দেখা দিয়েছে।

ছুটির দিনে কক্সবাজার সমুদ্রসৈকতের সেই উপচে পড়া ভিড় আজ নেই। ছবি: আজকের পত্রিকা

সৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের সৈকতকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে লাখো পর্যটকের সমাগম হয়। কিন্তু আজ সকাল থেকে এসব পয়েন্টে ২০ থেকে ২২ হাজার পর্যটক নেমেছেন।

কক্সবাজার শহর, মেরিন ড্রাইভ ও সেন্ট মার্টিনে আট শতাধিক হোটেল, রিসোর্ট ও গেস্টহাউসে প্রায় দুই লাখ পর্যটকের রাতযাপনের সুবিধা রয়েছে। হোটেলমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিতে গড়ে ৩০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করা অনেক পর্যটকও কক্সবাজারে আসেননি বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।