কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। অটোরিকশায় চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।