কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে ৮ জন মাঝি-মাল্লা নিয়ে ‘এফ বি তাহসিন’ নামের ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশের জেলেরা চারজনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার করেন।
আজ মৃত উদ্ধার জেলের নাম মুহিবুল্লাহ। তিনি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান, ট্রলারডুবির ঘটনায় কুতুবজোমের খোন্দকারপাড়া এলাকার নুরুল আলম নামে আরেক জেলে এখনো নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।