হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৩৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ছবি: সংগৃহীত

সাগরপথে মাছ ধরার নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাঁরা স্থানীয় দালালদের মাধ্যমে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানা গেছে। বিজিবির অভিযানে ৩৮ জনকে আটক করা সম্ভব হলেও দালালের মাধ্যমে আরও বেশ কয়েকজন রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজিবি ও সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিনিময়ে তাঁদের মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে হাবিব ছড়া এলাকার ফাতেমা খাতুনের বাড়িতে তাঁদের আশ্রয় দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়নের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, দালালের মাধ্যমে একটি মাছ ধরার নৌকায় করে ৩৮ জন রোহিঙ্গাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে।

বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের পর আটক হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।