হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

মো. রুবেল ও মোহাম্মদ আরমান চৌধুরী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে উখিয়ার পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।