হোম > সারা দেশ > কক্সবাজার

পুলিশ কর্মকর্তার বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা ও নগদ টাকাসহ আটকেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ সোমবার সকালে সদর উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।

আটকেরা হলেন মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ও তাঁদের এক সহযোগী। মোমেন চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর শ্যালক।

ডিএনসি কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাসায় তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মোমেন, সাদিয়া ও তাঁদের এক সহযোগীকে। তাঁরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সোমেন মণ্ডল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকেরা কক্সবাজার থেকে ইয়াবা পাচারের উদ্দেশে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তবে মাদক কারবারের সঙ্গে পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহর কোনো সম্পৃক্ততা আছে কি না তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিএনসির কর্মকর্তা।

ডিএনসি সূত্র জানিয়েছে, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।