কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক বোমা বা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।
আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। বিজিবি জানিয়েছে, তাঁরা দুজনই অটোরিকশাচালক।
বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিয়ানমার থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ শতাধিক আইইডি, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়। অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক দুই চালককে হেফাজতে নেয় বিজিবি।