হোম > সারা দেশ > কক্সবাজার

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

আরাকান আর্মির কাছ থেকে উদ্ধার জেলেরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক ১৪ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে তাঁদের ফেরত আনার তথ্য জানিয়েছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিভিন্ন সময়ে কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ শিকারের সময় আরকান আর্মি ওই জেলেদের আটক করেছিল। তাঁদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা।

বিজিবির অধিনায়ক জানান, গত বছর ও চলতি বছরের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিলেন। এ সময় আরাকান আর্মি তাঁদের ধরে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, এই অবস্থায় বিজিবি কক্সবাজার রিজিয়ন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে তাঁদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, আজ বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত নিয়ে আসে। ফিরিয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।