কক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এই প্রস্তাব বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গতকাল রোববার এ বিষয়ে একটি আধা-সরকারি পত্র দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পত্রে বলা হয়, শূন্য থেকে পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামোর প্রয়োজন হবে। এ বাস্তবতায় কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো, পরীক্ষাগার, গবেষণাসুবিধা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরু করা যেতে পারে।
পত্রে আরও উল্লেখ করা হয়, জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বোরি ইতিমধ্যে কক্সবাজারে প্রতিষ্ঠিত হয়েছে। বোরির বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।
দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা যাবে বলেও পত্রে বলা হয়।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটিসংক্রান্ত বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চালুর কথা বলা হয়েছে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে ব্লু ইকোনমিসংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
কক্সবাজারে বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ভিত্তিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সদয় সম্মতি কামনা করেছেন সালাহউদ্দিন আহমদ।
গত ১৩ জুন কক্সবাজার সফরে এসে সুধী সমাবেশে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপি সরকার গঠনের পর কক্সবাজার সফরকালে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ওপর জোর দেওয়ার কথাও জানান তিনি।