হোম > সারা দেশ > কক্সবাজার

যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলে: সালাহউদ্দিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ সোমবার কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজ টানাহেঁচড়া শুরু হয়েছে। যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের পাকিস্তানি বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতি ইতিহাস বলে। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া নিয়ে তারা বলে, তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে।’

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়া পৌর শহরের শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এ দেশের মুক্তিযোদ্ধা ও জাতির দুর্ভাগ্য, স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনি শুনছি। তারা আজ আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, রাজনীতি করছে—এটিই গণতান্ত্রিক সংস্কৃতি। তাদের অতীত ইতিহাস কী বলে? যাদের কোনো উন্নয়নের ইতিহাস নেই। তাদের ইতিহাস হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করা।’