হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় দিনব্যাপী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এডিনবার্গের ডাচেস। ছবি: আজকের পত্রিকা

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রিস-জোনস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রোহিঙ্গা নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান এবং মানবিক সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সোফি।

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি প্রথমে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত কোডেক স্কুল পরিদর্শন করেন। পরে ২০, ৪ ও ৫ নম্বর আশ্রয়শিবিরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সকালে ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পর দুপুর ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ২০ নম্বর আশ্রয়শিবিরের এ-৫ ব্লকে যান সোফি। সেখানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে ও পালসের উদ্যোগে পরিচালিত পিএইচএএলএস সাবান কারখানা পরিদর্শন করেন তিনি।

কারখানার নিরাপত্তাব্যবস্থা, সাবান তৈরির বিভিন্ন ধাপ ও উৎপাদনপ্রক্রিয়া ঘুরে দেখেন সোফি। রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহারের জন্য কারখানাটিতে কাপড় ধোয়ার সাবান ও গোসলের সাবান তৈরি করা হয়।

কাঁচামাল মিশ্রণ থেকে সাবান তৈরি, কাটা ও ব্যবহারের উপযোগী করার স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পর্কে সোফিকে অবহিত করা হয়। কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নারী-পুরুষের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা অর্জন ও স্বনির্ভর হওয়ার সুযোগ সম্পর্কেও জানতে পারেন তিনি।

সাবানের গুণগত মান নিশ্চিত করতে রাসায়নিক পরীক্ষকের মাধ্যমে কীভাবে মান যাচাই করা হয়, সেটিও সোফিকে দেখানো হয়। কারখানাটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার সাবান উৎপাদন করা হয়। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে এসব সাবান রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য সরবরাহ করা হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোফি ও তাঁর প্রতিনিধিদল ৪ নম্বর আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা হয়। সফরসূচিতে নারী ও শিশুদের সুরক্ষা কেন্দ্র, নারীদের বহুমুখী সেবাকেন্দ্র এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল।

উখিয়ায় দিনব্যাপী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এডিনবার্গের ডাচেস। ছবি: আজকের পত্রিকা

এসব কার্যক্রমের মাধ্যমে শরণার্থী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও জীবনমান উন্নয়নে পরিচালিত উদ্যোগ সম্পর্কে ধারণা নেন সোফি।

সোফির সফর ঘিরে রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজ আমিন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে দেখেছেন। বিশেষ করে, নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নের উদ্যোগগুলো পরিদর্শন করেছেন তিনি।

তিন দিনের সফরে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান সোফি ও তাঁর সফরসঙ্গীরা। রাতে কক্সবাজারে অবস্থানের পর আজ দিনভর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফেরেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে বাংলাদেশ সফরে এসেছেন সোফি। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।