হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, নারী-শিশুসহ উদ্ধার ৮

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মানব পাচারচক্রের শিকার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ভুক্তভোগীদের ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গতকাল শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে ঘটনাস্থল থেকে পাচারচক্রের শিকার ৫৬ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ছয় সদস্যকে।

প্রায় প্রতিদিনই মালয়েশিয়াগামী ট্রলার কিংবা উপকূলের পাহাড়ে জড়ো করা মানব পাচারচক্রের শিকার ব্যক্তিদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ে জিম্মি করে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করে।