হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন—মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মতলব হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

নিখোঁজ জেলেরা হলেন—একই ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, কুতুবজোমের ফরিদুল আলমের মালিকানাধীন ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি আটজন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

এ সময় আশপাশে থাকা অন্য মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করেন। পরে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, স্থানীয় জেলেরা দুই জেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। নিখোঁজ দুই জেলের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝোড়ো হাওয়া ও তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেছে।’