হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় সমুদ্রসৈকতে ভেসে এল অজ্ঞাতনামা ৩ মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টা ও ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ৩টার দিকে মনখালী সমুদ্রসৈকতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। প্রায় ৫০০ মিটার দূরত্বে মরদেহ দুটি পাওয়া যায়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের মাদারবুনিয়া নৌকাঘাট এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ তিনটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি বলে জানান ওসি। তিনি আরও জানান, টেকনাফের বাহারছড়া উপকূলে গত সোমবার (২১ সেপ্টেম্বর) ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাঁদের কেউ রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবিতে এক নারী ও এক শিশু মারা যায়। কোস্ট গার্ড ও স্থানীয় লোকজন পরে কয়েকজনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় এক নারী নিখোঁজ ছিলেন।

পৃথক দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।