হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিজিবির টহল দলে হামলা, যৌথ অভিযানে আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

বিজিবির টহল দলের ওপর হামলার ঘটনায় আটক তিনজন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ হামলা হয়। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি কাচ ভাঙচুর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খোরশেদ আলম (২৫), আকিব (২২) ও আব্দুল গফুর (১৯)। তাঁদের সবার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়ায়।

বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ, এসআরবি ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির এই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।